রাজ্য বিজেপির বাড়তি অক্সিজেন শুভেন্দু
দি নিউজ লায়ণঃ রাজ্য বিজেপির বাড়তি অক্সিজেন শুভেন্দু। দলের শীর্ষ নেতৃত্ব বেশ ভরসা রাখছেন শুভেন্দুর উপর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষেই এবার জেলা সফর শুরু করতে পারেন শুভেন্দু অধিকারী। বৈঠক সারতে পারেন দলের জেলা নেতৃত্বের সঙ্গে। বিধানসভা ভোটের ঠিক মুখে চনমনে পদ্ম-শিবির। তৃণমূলের একদা অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী শাসকদলের হাফ-ডজন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
বিজেপিতে যোগ দিয়েছেন বামেদের দুই ও এক কংগ্রেস বিধায়ক। বিধানসভা ভোটের আগে এরাজ্যে দলের শক্তি-বৃদ্ধিতে বেশ খুশি মোদী-শাহরা। শুভেন্দুকে যেমন শাহ নিজের ছোট ভাইয়ের জায়গা দিয়েছেন, তেমনি শুভেন্দুও দল বদলে অমিত শাহকে বড় দাদার আসনে বসিয়েছেন। ইতিমধ্যেই দলের রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজনের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বড়দিনের পর থেকেই এবার জেলা সফরে বেরোতে পারেন শুভেন্দু অধিকারী।
বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে দলের জেলাস্তরের নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এতদিন যে কায়দায় তৃণমূলের হয়ে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিলেন, এবার পদ্ম-শিবিরে যুক্ত হয়ে একই কায়দায় রাজনীতির ময়দানে সাফল্য আনতে তৎপরতা শুভেন্দুর। অন্যদিকে, শুভেন্দুর বিজেপিতে যোগ নিয়ে ইতিমধ্যেই তাঁকে আক্রমণ শানিয়ে মাঠে নেমেছে রাজ্যের শাসকদল।

Post a Comment